জাতীয় বীমা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ আইডিআরএ ইন্সুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ইউআইসিএল)। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) আয়োজিত এক অনুষ্ঠানে ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান খন্দকার মইনুল আহসানের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

চলতি বছর বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনকে উৎসাহিত করতে প্রথমবারের মতো এ পুরস্কার প্রবর্তন করেছে আইডিআরএ। গ্রাহকের আস্থা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। এ মূল্যায়নের ভিত্তিতে নন-লাইফ ইন্স্যুরেন্স শ্রেণীতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের একটি হিসেবে স্বীকৃতি পায় ইউনাইটেড ইন্স্যুরেন্স।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মানা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি আদিবা আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী ও আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালক খন্দকার জাহিন আহসান-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি