চীনের শীর্ষ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি জাপানের বাজারে ব্যবসা বাড়াতে চায়। একই সঙ্গে দেশটিকে বিশ্বব্যাপী ইভি রফতানির গেটওয়ে হিসেবে পেতে চায় শেনজেনভিত্তিক কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।
জাপানের বাজারে সাফল্য পেতে গত অক্টোবরে টোকিওর একটি হোটেলে সম্মেলনের আয়োজন করে বিওয়াইডি। সেখানে জাপানি গাড়ি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিওয়াইডি প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু। ওই সম্মেলনে অংশ নেয়া এক ব্যক্তির মতে, সম্মেলনে একটি আশ্চর্যজনক উপস্থিতি তৈরি করেছিলেন চুয়ানফু, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
ছয় লাখ মানুষের সংগঠনের নেতৃত্ব দেয়া চুয়ানফু চীনের বাইরে খুব কমই বক্তৃতা করেন। তবে ওই সম্মেলনে তিনি ১ ঘণ্টারও বেশি সময় নিয়ে জাপানের জন্য তার কৌশল সম্পর্কে খুব আন্তরিকতার সঙ্গে কথা বলেন।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ২০ লাখ ৮০ হাজার গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি, যা গত বছরের একই সময়ের থেকে বিশ্বব্যাপী বিক্রির পরিমাণ ৭৫ শতাংশ বেড়েছে।
বর্তমানে জাপানে যাত্রীবাহী যানবাহন রফতানি বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে ব্যস্ত বিওয়াইডি। একাধিক ডিলারের মতে, জানুয়ারিতে বাজারে প্রবেশের পর ২০২৫ সালের মধ্যে জাপানে বার্ষিক ৩০ হাজার ইভি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে বিওয়াইডি। একই সময়ের মধ্যে জাপানে ১০০টি ডিলারশিপের একটি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনাও করেছে কোম্পানিটি। যার লক্ষ্য প্রতি ডিলারশিপ থেকে ৩০০টি গাড়ি বিক্রি করা।
লক্ষ্যটি উচ্চাভিলাষী মনে হতে পারে। কারণ জাপানি অটো ইন্ডাস্ট্রি এমন ডিলারশিপকে বিবেচনা করে, যারা বছরে গড়ে ২০০টির মতো গাড়ি বিক্রি করতে পারে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার জাপান। যেখানে জাপানি অটোমেকারদের মার্কেট শেয়ার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। জাপানে হাইব্রিড গাড়ি এবং কেই মিনিকারের প্রবল চাহিদা রয়েছে।
চীনা ব্র্যান্ডটির পরিচিতি তুলনামূলক কম। তার পরও বিক্রয় লক্ষ্যমাত্রা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছে বিওয়াইডি।
বিশ্বব্যাপী ৭০টিরও বেশি দেশে গাড়ি বিক্রি করে বিওয়াইডি। তবে বেশির ভাগ বিক্রি স্থানীয়ভাবে মালিকানাধীন পরিবেশকদের মাধ্যমে পরিচালিত হয়। যদিও জাপানে নিজস্বভাবে ডিলারশিপের একটি ওয়েব তৈরি করতে চাইছে বিওয়াইডি।
বিওয়াইডি কর্তৃপক্ষ এখন প্রতিষ্ঠিত ডিলার ও চালকবিহীন গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে, এমন প্রধান ব্যবসায়ীদের সঙ্গে এজেন্সি চুক্তি স্বাক্ষর করছে। বর্তমানে জাপানের হোক্কাইদো থেকে ওকিনাওয়া পর্যন্ত অস্থায়ীসহ প্রায় ৫০টি আউটলেট রয়েছে কোম্পানিটির।










