আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সম্প্রতি ভারতের পাঞ্জাবের রাজপুরায় চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলর’স সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমওইউতে এআইইউবির পক্ষে সই করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। চিতকারা ইউনিভার্সিটির পক্ষে সই করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড. মধু চিতকারা।

দুদিনের সফরে চিতকারা ইউনিভার্সিটিতে অবস্থানকালে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর ড. মধু চিতকারা, প্রো-ভাইস চ্যান্সেলর (রিসার্চ প্রোগ্রামস) অধ্যাপক ড. অমিত মিত্তল, আন্তর্জাতিক অফিসের প্রধান ড. চারু খোসলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথ পিএইচডি প্রোগ্রাম চালু, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও জ্ঞান বিনিময়ে নতুন সুযোগ তৈরি করবে।