নিপ্পন কর্তৃক ইউএস স্টিল অধিগ্রহণের বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে জো বাইডেন প্রশাসন। সম্প্রতি এক বিবৃতিতে এ তদন্তের কথা জানিয়েছে হোয়াইট হাউজ। খবর বিবিসি।
জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ তদন্ত করতে হবে বলে বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। এছাড়া ইউএস স্টিল বিক্রির ফলে দেশটির সরবরাহ চেইনে সম্ভাব্য প্রভাবের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন।
প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলারের চুক্তি বাস্তবায়ন হলে প্রায় ১২২ বছরের পুরনো ইউএস স্টিলের মালিক হবে জাপানি ইস্পাত কোম্পানি নিপ্পন। যার মাধ্যমে এটি চীনের বাইরে বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হবে।
বৃহৎ প্রতিষ্ঠানটির মালিকানা বিদেশীদের হাতে চলে যাওয়ায় বিষয়টির বিরোধিতা করেছে ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স (ইউএসডব্লিউ) ইউনিয়ন। তারা এ চুক্তিকে অদূরদর্শী বলে আখ্যায়িত করে তা বন্ধ করতে কাজ করবে বলে জানিয়েছে।
অন্য এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনৈতিক উপদেষ্টা লেল ব্রেইনার্ড বলেছেন, প্রেসিডেন্ট বৃহৎ প্রতিষ্ঠানটির মালিকানা বিদেশীদের হাতে চলে যাওয়ায় বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজের এ বিবৃতিকে স্বাগত জানিয়েছে ইউএসডব্লিউ।
বর্তমানে বিশ্বব্যাপী ২২ হাজারেরও বেশি কর্মী ইউএস স্টিলের জন্য কাজ করছে। যার মধ্যে প্রায় ১২ হাজার মার্কিন নাগরিক।
ইউএসডব্লিউ ইউনিয়নের দাবি ইউএস স্টিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন থাকুক। ইউনাইটেড স্টিলওয়ার্কার্স প্রেসিডেন্ট ডেভিড ম্যাককল জানান, ইউএস স্টিলকে বিদেশীদের কাছে বিক্রি করার মাধ্যমে শ্রমিকদের উদ্বেগগুলো অগ্রাহ্য করা হয়েছে।
এর আগে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান এক্সে (টুইটার) পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘এটা একেবারে আপত্তিজনক যে তারা নিজেদের একটি বিদেশী জাতির কাছে বিক্রি করে দিয়েছে। আমি ইস্পাত শ্রমিক ও ইউনিয়নের জন্য লড়াই করব।’ পেনসিলভানিয়ায় ইউএস স্টিলের একটি মিল ১৮৭৫ সাল থেকে চালু রয়েছে।
এছাড়া ওহাইওর রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্স একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘আজ আমেরিকার প্রতিরক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ নগদ অর্থের জন্য বিদেশীদের কাছে নিলাম করা হয়েছে।’"তিনি এ চুক্তির বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
যদিও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে ইউএস স্টিলের নাম অপরিবর্তিত এবং প্রতিষ্ঠানটির সদর দপ্তর পিটসবার্গে রাখার প্রতিশ্রুতি দিয়েছে নিপ্পন।










