বিশ্বের শীর্ষ তামা উৎপাদনকারী দেশ চিলি।
রফতানিতেও দেশটি নেতৃস্থানীয়।
গত মাসে চিলির তামা রফতানিতে উল্লম্ফন দেখা গেছে।
মূলত আন্তর্জাতিক বাজারে ধাতুটির ঊর্ধ্বমুখী দামের কারণে রফতানি বেড়েছে বলে জানায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
খবর বিজনেস রেকর্ডার।
আগস্টে চিলির তামা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়।
আগস্টে দেশটি সব মিলিয়ে ৪৩৮ কোটি ৩০ লাখ ডলারের তামা রফতানি করে।
এটি গত মাসের মোট রফতানি মূল্যমানের অর্ধেকেরও বেশি।
আগস্টে চিলি ৭৮২ কোটি ২০ লাখ ডলারের পণ্য রফতানি করেছিল।
অবকাঠামো নির্মাণ ও বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রধান ধাতু তামা।
চলতি বছরের শুরুর দিকে ধাতুটির দাম সর্বকালের শীর্ষে পৌঁছে।
বর্তমানেও ধাতুটির গড় দামে ঊর্ধ্বমুখিতা অব্যাহত আছে।
এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চিলির জন্য সৌভাগ্য বয়ে এনেছে।
প্রসঙ্গত, মে মাসে দেশটির তামা উৎপাদন মন্দার মুখে পড়ে।
মহামারীর প্রকোপ ও বিভিন্ন খনিতে শ্রমিক অসন্তোষের কারণে তামা উত্তোলন ব্যাহত হয়।
চিলির জাতীয় তামা কমিশন কোচিলকো এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মে মাসে চিলিতে সব মিলিয়ে ৪ লাখ ৮৭ হাজার ২০০ টন তামা উত্তোলন করা হয়।
গত বছরের একই মাসে উত্তোলিত তামার পরিমাণ ছিল ৪ লাখ ৯২ হাজার ৩০০ টন।










