আন্তর্জাতিক বাজারে তামার দাম বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। ডলারের দাম কমে যাওয়ায় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য ধাতুটির চাহিদা বাড়ছে। তবে ঊর্ধ্বমুখী মজুদ এবং বিশ্ববাজারে দুর্বল চাহিদা পরিস্থিতির কারণে মূল্যবৃদ্ধির হার ছিল সীমিত। খবর বিজনেস রেকর্ডার।
তথ্য বলছে, গতকাল লন্ডন মেটল এক্সচেঞ্জে (এলএমই) আন্তর্জাতিক বাজার আদর্শ তামার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৭৪৩ ডলারে। কার্যদিবসের শুরুতে ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ৭৪৭ ডলারে উন্নীত হয়েছিল, যা গত ২২ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন কমে যাওয়া ও দুর্বল শ্রমবাজারে তথ্য ডলারের বিনিময় মূল্যকে নিম্নমুখী করে তুলেছে। ফলে লম্বা সময় ধরে তামার বাজার নিম্নমুখী থাকার পর বাড়তে শুরু করেছে। এদিকে এলএমইর তালিকাভুক্ত গুদামগুলোয় তামার মজুদ ১৫ সেপ্টেম্বরের পর প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৫০ টনে। এতে মূল্যবৃদ্ধির হার অনেকটাই নিয়ন্ত্রিত। তবে ঐতিহাসিক মানদণ্ডে মজুদ এখনো নিম্নমুখী বলে জানিয়েছেন বিশ্লেষকরা।










