ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭ (৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পর্ষদ পরিচালক হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেয়া হয়। পরে রোববার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পর্ষদ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন পরিচালক তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতের একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা।
বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাবিথ আউয়াল ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে পরিচালক নাজনীন আহমেদ বাংলাদেশের গার্মেন্টস, কেমিক্যাল ও প্যাকেজিং খাতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান। এছাড়া তিনি টিএস হোল্ডিংস লিমিটেড ও জাইটা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং টিএস প্যাকেজিং লিমিটেড, ডেনিম্যাক লিমিটেড ও ডেনিম্যাক ওয়াশিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাজনীন আহমেদ কর্মজীবনের শুরুতে ঢাকার কানাডিয়ান হাই কমিশনে কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে কেয়ার কানাডার কনসালট্যান্ট হিসেবে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ জীবিকা উন্নয়নমূলক কর্মসূচিতে অবদান রাখেন। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে উইমেনস স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।










