চলতি বছর নভেল করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ডেল্টায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার দেশগুলো। সংক্রমণ ও মৃত্যু বাড়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতি ও পণ্যবাজারে। তবে ডেল্টার আগ্রাসনের প্রভাব পড়েনি দক্ষিণ কোরিয়ার কফি বাজারে। চলতি বছরের প্রথমার্ধে দেশটির কফি-বাণিজ্য লক্ষ্যণীয় মাত্রায় সম্প্রসারিত হয়েছে। খবর দ্য কোরিয়া  হেরাল্ড।

দক্ষিণ কোরিয়াভিত্তিক পণ্যবাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নেলসন কোরিয়াক্লিক জানায়, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দক্ষিণ কোরিয়া তৈরি কফির বাজার দাঁড়িয়েছে ৬৭ হাজার ২৯০ কোটি ওন বা ৫৭ কোটি ৪০ লাখ ডলারে। গত বছরের একই সময়ের তুলনায় বাজার বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ।