মালয়েশিয়া ও সিঙ্গাপুর গতকাল যৌথভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তুলতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরে বিনিয়োগ আকর্ষণ, পণ্য ও লোকসমাগম বাড়ানোর লক্ষ্যে এ এসইজেড স্থাপন করা হবে। খবর রয়টার্স।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দুই প্রতিবেশী এসইজেড নির্মাণে শিগগিরই একটি পূর্ণাঙ্গ চুক্তি করবে। যৌথ বিবৃতিতে দেশ দুটি বলেছে, চুক্তিতে নবায়নযোগ্য শক্তি খাতে সহযোগিতাসহ উভয় দেশের ব্যবসা সম্প্রসারণে সীমান্ত ছাড়পত্র সহজীকরণের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

মালয়েশিয়ার অর্থনীতিমন্ত্রী রাফিজি রামলি বলেছেন, ‘অর্থনৈতিক অঞ্চলটি একটি অভূতপূর্ব সুযোগ নিয়ে আসবে। এটি চালু হলে পণ্য ও দুই দেশের মানুষের মধ্যে আন্তঃসীমান্ত যাতায়াত বাড়বে, যা ব্যবসাকে শক্তিশালী করবে। এর মধ্য দিয়ে উভয় দেশের অর্থনীতি লাভবান হবে।’

খবরে বলা হয়েছে, গতকাল জোহরে আয়োজিত এক অনুষ্ঠানে রাফিজি ও সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী দুই দেশের নেতাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সিঙ্গাপুর ছিল জোহরের দ্বিতীয় বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী। আর উৎপাদন খাতে জোহরের মোট প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের প্রায় ৭০ শতাংশই এসেছে সিঙ্গাপুর থেকে।

সমঝোতা স্মারক সই হওয়ার আগে রাজ্যের রাজধানী জোহর বাহরু ও সিঙ্গাপুরের মধ্যে চার কিলোমিটার রেল সংযোগের ‘স্প্যান’ নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

এ রেল ক্রসিং বিশ্বের ব্যস্ততম ল্যান্ড ক্রসিংগুলোর মধ্যে একটি। প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক প্রায় ১ হাজার কোটি রিঙ্গিত ব্যয় ধরা হয়েছে। ২০২৬ সাল নাগাদ নির্মাণকাজ শেষ হলে এ রুটের যানজট কমবে এবং স্থলপথের যোগাযোগ ব্যবস্থায় দ্রুত গতি আসবে।