বিশ্বজুড়ে গমের চাহিদা লাফিয়ে বাড়ছে। কিন্তু সে তুলনায় নেই সরবরাহ। এ কারণে অস্থিতিশীল হয়ে উঠছে কৃষিপণ্যটির বাজার। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য টানা দ্বিতীয়বারের মতো বেড়ে তিন সপ্তাহের সর্বোচ্চে উঠে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে
সর্বাধিক সক্রিয় গমের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের দাম দাঁড়িয়েছে ৭ ডলার ৬১ সেন্টে। ৪ অক্টোবরের পর এটিই সর্বাধিক দাম। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি বিভাগের পরিচালক টোবিন গোরেই বলেন, যুক্তরাষ্ট্রের গম আবাদি অঞ্চলগুলোতে শুষ্ক আবহাওয়া মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে। পাশাপাশি সারের উচ্চমূল্যও বাজারকে প্রভাবিত করছে।
চলতি মৌসুমে প্রধান রফতানি অঞ্চলগুলোতে গমের মজুদ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শক্তিশালী রফতানি চাহিদা থাকায় বাজারে অস্থিতিশীলতা বাড়ছে। এ বছর অস্ট্রেলিয়ায় টানা দ্বিতীয়বারের মতো গম উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বাড়ছে রফতানি চাহিদা। আমদানিকারকরা অনেক ক্রয়াদেশ দিচ্ছেন। চাহিদা মেটাতে ক্রেতা দেশগুলো অতিমাত্রায় গম কেনায় কমছে রফতানিকারক দেশগুলোর মজুদ। ব্যাহত হচ্ছে সরবরাহ।
এদিকে গমের পাশাপাশি বেড়েছে সয়াবিনের দামও। তিন কার্যদিবসে প্রথমবারের মতো তেলবীজটির দাম বাড়ে। এছাড়া ঊর্ধ্বমুখিতায় শেষ হয়েছে ভুট্টার বাজার।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম দশমিক ৮ শতাংশ বাড়ে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ১২ ডলার ৩০ সেন্টে। দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টন ভুট্টা লেনদেন হয়েছে ৫ ডলার ৩৮ সেন্টে।










