গ্রাহক, শেয়ারধারী ও শুভানুধ্যায়ীসহ সব অংশীজনের সহযোগিতায় আরো এগিয়ে যেতে চায় চতুর্থ প্রজন্মের ব্যাংকটি। রাজধানীর মতিঝিলে এসবিএসি ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্যাংকটির শীর্ষ নির্বাহীরা। এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৗশলী মো. মোখলেসুর রহমান বলেন, ‘এসবিএসি ব্যাংকের আমানতকারীরা সম্পূর্ণ নিরাপদ আছেন। দীর্ঘদিনের নৈতিক চর্চা ও উচ্চ মানদণ্ড বজায় রাখার কারণে আমাদের প্রতি গ্রাহকদের আস্থা তৈরি হয়েছে। শুধু নিজেদের সাফল্য নয়; বরং উদ্যোক্তা তৈরি ও কর্মস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতে অবদান রাখাই এসবিএসি ব্যাংকের লক্ষ্য। আমরা আমানতকারী, ঋণ গ্রহণকারী, কর্মকর্তা, শেয়ারধারীরা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আরো এগিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মঈনুল কবীর বলেন, ‘সম্প্রতি ১১ হাজার কোটি টাকার আমানত ক্লাবে প্রবেশ করেছে এসবিএসি ব্যাংক। কিন্তু আমরা কোনো আগ্রাসী ব্যাংকিং করতে চাই না। আমাদের এডিআর (ঋণ-আমানতের অনুপাত) ৮২ শতাংশেরও কম। আমরা বেছে বেছে ভালো গ্রাহকদের ঋণ দিতে চাই।’

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়নে এসবিএসি ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ খাতে বর্তমানে আমাদের ৩৫ শতাংশ বিনিয়োগ রয়েছে, এটিকে ৫০ শতাংশে নিয়ে যেতে চাই। দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচিত এ খাতগুলোয় বিনিয়োগ বৃদ্ধি করা হলে সামগ্রিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকটির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।