প্রযুক্তি কোম্পানিগুলোয় চলতি বছরের প্রথম পাঁচ মাসে অন্তত দুই লাখ কর্মী ছাঁটাই হয়েছে। উচ্চ সুদহার, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া ও বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার ট্র্যাকিং ওয়েবসাইট লেঅফস ডট এফওয়াইআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
লেঅফস ডট এফওয়াইআই বলছে, ৭৪৯টি প্রযুক্তি কোম্পানি থেকে মোট ২ লাখ ২ হাজার ৩৯৯ জন কর্মী চাকরি হারিয়েছেন। এ সংখ্যা ২০২২ সালের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি। গত বছর ১ হাজার ৫৭টি টেক কোম্পানি থেকে মোট ১ লাখ ৬৪ হাজার ৭০৯ জন কর্মচারীর চাকরি হারানোর খবর জানা গিয়েছিল।
বেশির ভাগ ছাঁটাই হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে। যার মধ্যে রয়েছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান।
গুগল গত জানুয়ারিতে ১২ হাজার ও মেটা মার্চের মাঝামাঝিতে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। মেটা আরো পাঁচ হাজার পদে নিয়োগ বন্ধ করে দিয়েছে। গত বছরের নভেম্বরে ১১ হাজারের বেশি কর্মীকে বিদায় দিয়েছিল মেটা, যা ছিল প্রতিষ্ঠানটির মোট কর্মীর ১৩ শতাংশ। মধ্য এপ্রিলে প্রতিষ্ঠানটিতে আরো এক দফা ছাঁটাই চালানো হয়।
গত জানুয়ারিতে মাইক্রোসফটও কর্মী ছাঁটাইয়ের নোটিস দিয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ তারা ১০ হাজার কর্মী কমাবে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মশক্তির ৫ শতাংশের কিছু কম।
অ্যামাজন জানুয়ারিতে ১৮ হাজার কর্মীকে ছাঁটাই শুরু করেছে, যা সারা বিশ্বে প্রতিষ্ঠানটির ৩ লাখ ৫০ হাজার করপোরেট কর্মীর প্রায় ৫ শতাংশ। কোম্পানিটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় ছাঁটাই৷, পরবর্তী সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানটি মার্চে আরো নয় হাজার পদে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
করোনা মহামারীর সময় ই-কমার্সে উচ্চ চাহিদা মেটানোর জন্য কোম্পানির মোট কর্মী সংখ্যা দ্বিগুণ হয়েছিল। ২০১৯ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা আট লাখ থেকে বেড়ে ২০২১ সালের শেষ নাগাদ ১৬ লাখ ছাড়িয়ে যায়।
রেডিট, থ্রিএম, ইয়াহু, আফ্রিম, জুম, ডেল, আইবিএম, সেলসফোর্স ও পেপাল সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রে হাজার হাজার কর্মীকে বরখাস্ত করেছে।
যুক্তরাষ্ট্রের বাইরে কানাডিয়ান ই-কমার্স প্রতিষ্ঠান শপিফাই মে মাসে ২ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করেছে এবং জার্মান ডেলিভারি পরিষেবা ফ্লিঙ্ক এপ্রিলে আট হাজার কর্মী ছাঁটাই করেছে।
সুইডিশ টেলিকমিউনিকেশন ফার্ম এরিকসন ফেব্রুয়ারির শেষের দিকে ৮ হাজার ৫০০ কর্মী কমিয়েছে। একই সময়ে জার্মান সফটওয়্যার কোম্পানি এসএপি জানুয়ারিতে তিন হাজার কর্মী ছাঁটাই করেছে।










