শরণার্থীদের চাকরি দেবে— এমন খবরে বিড়ম্বনার মুখে পড়েছে নিউইয়র্কভিত্তিক খাদ্য প্রস্তুতকারক কোম্পানি টাইসন ফুডস। নিয়োগ পরিকল্পনা প্রকাশের পর পরই সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বয়কটের আহ্বান জানায় বিভিন্ন গোষ্ঠী। খবর নিউজউইক।
বিতর্ক ওঠার পর দ্রুত বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে টাইসন ফুডস। তারা জানায়, এ-বিষয়ক নিবন্ধে কিছু পরিসংখ্যানগত ভুল ছিল। যেখানে বলা হয়েছিল, ৫২ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে যাচ্ছে তারা। সেই সঙ্গে কোম্পানিটি জানায়, টাইসন ফুডস অবৈধ অভিবাসনের তীব্র বিরোধী। বিভিন্ন সময়ে বেআইনি কর্মসংস্থান বিষয়ে সরকারি কর্মসূচিতেও অংশ নিয়েছে।
নিউইয়র্কের আশ্রয় কেন্দ্রগুলোয় ক্রমাগত বাড়ছে বিদেশী আশ্রয়প্রার্থীর চাপ। এ কারণে আবাসন ও কর্মসংস্থানসহ নানামুখী সমস্যা ক্রমেই বাড়ছে। এমন একসময়ে ৫২ হাজার শরণার্থী নিয়োগের নিবন্ধটি প্রকাশ হয়।
যদিও প্রাথমিক খবরে বলা হয়েছিল, আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধিকে কাজে লাগাতে চাইছে টাইসন ফুডসের মতো কোম্পানিগুলো। পরিকল্পনা অনুসারে, ঘণ্টায় ১৬ ডলারের বেশি পারিশ্রামিক কাজ পাবেন ৫২ হাজার শরণার্থী। মাংস ধোয়া-কাটা, প্যাক করার কাজ করতে হবে তাদের।
পাশাপাশি টাইসন ফুডস জানিয়েছিল, এসব কর্মীকে আইনি সহায়তার জন্য বছরে ১৫ লাখ ডলার বরাদ্দ করছে। সেই সঙ্গে রয়েছে অস্থায়ী আবাসন, শিশুদের ডে কেয়ার, পরিবহনসহ অন্যান্য সুবিধা।
প্রতিবেদনে বলা হয়, টাইসন ১ লাখ ৮০ হাজারের বেশি আশ্রয়প্রার্থীকে নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছে। এরই মধ্যে ৪২ হাজার ব্যক্তি কাজে যুক্ত হয়েছে।
কিছুদিন আগে পণ্য চাহিদা হ্রাসের কারণে একটি কারখানা ইউনিট থেকে ১ হাজার ২০০ কর্মীকে ছাঁটাই করেছিল টাইসন ফুডস। এ অবস্থায় অবৈধ অভিবাসীদের নিয়োগের খবরে নিউইয়র্কের স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ হন।










