চীনের বাজারে আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য কমে প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত আমদানিতে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করার ঘোষণা ও চীনের দুর্বল শিল্প উৎপাদনকে পণ্যটির দরপতনের কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে মঙ্গলবার আকরিক লোহার দাম দশমিক ৯২ শতাংশ কমেছে। প্রতি টনে মূল্য পৌঁছেছে ৬৯৭ ইউয়ানে (৯৬ ডলার ৮৪ সেন্ট)। দিনটিতে চুক্তিমূল্য ৬৯০ দশমিক ৫ ইউয়ান পর্যন্ত নেমেছিল, যা ১০ এপ্রিলের পর সর্বনিম্ন।

এদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে জুলাইয়ের সরবরাহ চুক্তিতে আকরিক লোহার চুক্তির দাম ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে টনপ্রতি ৯৪ ডলার ২৫ সেন্টে পৌঁছেছে। দিনটিতে চুক্তিমূল্য ৯৩ ডলার ৮০ সেন্টে নেমেছিল যা ১০ এপ্রিলের পর সর্বনিম্ন।

এ দরপতন এবং মার্কিন শুল্ক বৃদ্ধির পরিকল্পনা ও চীনের দুর্বল কারখানার তথ্যের কারণে বাজারে চাহিদার সংকট নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি বিশ্বজুড়ে আকরিক লোহার চাহিদা ও ইস্পাত শিল্পের ওপর প্রভাব ফেলতে পারে।