বাংলাদেশী যুবকদের বৈশ্বিক অটোমোবাইল শিল্পে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে ড্যাফোডিল গ্রুপ ও জাপানের টয়োটা শিন-ওসাকা ইনক.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জাপানে অটোমোবাইল শিল্পে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার ড্যাফোডিল করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর করেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান ও টয়োটা শিন-ওসাকার প্রেসিডেন্ট ইউকিও কুবো। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ড্যাফোডিল গ্রুপের অধীনস্থ বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও অন্যান্য ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জাপানের স্বনামধন্য টোয়োটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কলেজ অব কোবে-তে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটি গাড়ি সংক্রান্ত অত্যাধুনিক প্রযুক্তিতে দুই বছরের কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে।

টোয়োটা শিন-ওসাকা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করবে, প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানেও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেইসঙ্গে প্রশিক্ষণ শেষে জাপানের অটোমোবাইল শিল্পে চাকরির সুযোগ পেতে দিকনির্দেশনা দেবে। সব কার্যক্রমই জাপানের আইন ও বিধিবিধানের সাথে সঙ্গতিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সমঝোতা অনুষ্ঠানে ড. নুরুজ্জামান বলেন, ‘এ সহযোগিতা বাংলাদেশের তরুণদের জন্য বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ ও বিশ্বের অন্যতম উন্নত অটোমোবাইল বাজারে দক্ষ চাকরি পাওয়ার নতুন দ্বার উন্মোচন করবে।’

আর টয়োটা শিন-ওসাকার এর প্রেসিডেন্ট ইউকিও কুবো বলেন, ‘বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে জাপানের গতিশীল অটোমোবাইল শিল্পে অবদান রাখার সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে।’ - বিজ্ঞপ্তি