১২তম ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স-২০২৪’ অর্জন করেছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সম্মাননা দেয়া হয়।
কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রতিবছর এ পুরস্কার দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত ও ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। দেশের প্রথম লোকালি ব্র্যান্ডেড পিসি থেকে শুরু করে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছে।
এ স্বীকৃতি প্রসঙ্গে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান বলেন, এ স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবসা পরিচালনার প্রতিফলন। ড্যাফোডিল কম্পিউটার্স সবসময়ই আস্থার ওপর দাঁড়িয়ে কাজ করেছে। ভবিষ্যতেও বিনিয়োগকারী ও দেশের জন্য দায়িত্বশীলভাবে অবদান রেখে যাবে।- বিজ্ঞপ্তি












