চলতি বছর গম উৎপাদন নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় ইংল্যান্ড। এ লক্ষ্যে কৃষিপণ্যটির আবাদ বাড়িয়েছে দেশটি। চলতি বছর গম আবাদ ৩১ শতাংশ বেড়েছে। ব্রিটেনের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, চলতি বছর ব্রিটেন ১৬ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে গম আবাদ করেছে, যা গত বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। গত বছর কভিড-১৯ মহামারীজনিত কারণে ইংল্যান্ডে গম আবাদে ধস নামে। তবে এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় আবাদ বাড়িয়েছে দেশটি। এটি উৎপাদন খাতে ঘুরে দাঁড়ানোর ইংগিত দিচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।

এদিকে চলতি বছরের এপ্রিলে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক পূর্বাভাসে জানায়, দীর্ঘ ৪০ বছর নিম্নমুখী থাকার পর ২০১২-২২ বিপণন মৌসুমে ইংল্যান্ডে গম উৎপাদন বড় পরিসরে বাড়বে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টন, যা মৌসুমের তুলনায় ৫০ লাখ টন বেশি।

ইংল্যান্ডের কৃষি মন্ত্রণালয় বলছে, গম আবাদ বাড়লেও সরিষা আবাদ ২২ শতাংশ কমেছে। চলতি বছর সব মিলিয়ে ২ লাখ ৬৮ হাজার হেক্টর জমিতে তেলবীজটির আবাদ সম্পন্ন হয়েছে। বসন্তকালীন যব আবাদ ৪১ শতাংশ কমে ৪ লাখ ৭১ হাজার হেক্টরে নেমেছে। তবে শীতকালীন যব আবাদ ৩৬ শতাংশ বেড়ে ৩ লাখ ৪৫ হাজার হেক্টরে উন্নীত হয়েছে।