এলজি ইলেকট্রনিকস চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ ১ হাজার ৫২০ কোটি ডলার আয় করবে বলে আশা করছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। কোম্পানির পরিচালন মুনাফা ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৯ হাজার ২৭০ কোটি ইয়েনে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আয়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হবে। খবর কোরিয়ান হেরাল্ড।

এলজি তার রেকর্ড উপার্জনের জন্য নিজেদের ব্যবসায়িক কাঠামোর উন্নতি ও বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সম্প্রসারণের প্রচেষ্টাকে কৃতিত্ব দিচ্ছে। কোম্পানির হোম অ্যাপ্লায়েন্স ও এয়ার সলিউশন ব্যবসায় শক্তিশালী মুনাফার সম্ভাবনা দেখা যাচ্ছে এয়ারকন্ডিশনার ও এনার্জি স্টোরেজ সিস্টেমের বিক্রি বৃদ্ধির মাধ্যমে। ওয়েবওএসভিত্তিক স্মার্ট টিভি প্লাটফর্মে পরিষেবাগুলো বাড়ার সঙ্গে হোম এন্টারটেইনমেন্ট ব্যবসাও বেড়েছে। 

এলজির গাড়ির যন্ত্রাংশের ব্যবসাও বৃদ্ধি পাচ্ছে উচ্চমাত্রায় জমা পড়া ক্রয়াদেশ এবং স্থিতিশীল সরবরাহ চেইন ব্যবস্থাপনার কারণে। 

দাইশিন সিকিউরিটিজের বিশ্লেষক পার্ক ক্যাং-হো বলেন, ‘‌বিশেষ করে ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। ইলেকট্রনিক গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে আর এলজি তাদের বৈচিত্র্যময় গ্রাহক বেস তৈরি করতে সফলতা দেখিয়েছে।’ তবে এলজির মতে, ইনফোটেইনমেন্ট, ইভির জন্য ই-পাওয়ারট্রেন এবং লাইটিং সলিউশনের মতো তিনটি গুরুত্বপূর্ণ আইটেমের স্থিতিশীল ব্যবসায়িক পোর্টফোলিওর কারণেই এ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।