সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল নিকেলের দাম ১৬ মাসের সর্বনিম্নে নেমেছে। স্টেইনলেস স্টিলের চাহিদা কমে যাওয়ায় এবং নিকেলের শীর্ষ ভোক্তা চীনে সরবরাহ বাড়ায় এ দরপতন ঘটেছে। খবর বিজনেস রেকর্ডার।

এসএইচএফইতে সর্বাধিক বিক্রীত ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল ধাতুটির দাম ৫ শতাংশ কমেছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৬৯০ ইউয়ান বা ১৭ হাজার ১৪ ডলার ৫ সেন্টে। ২০২২ সালের জুলাইয়ের পর এটিই ধাতুটির সর্বনিম্ন দাম।

অন্যদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতেও নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। টনপ্রতি দাম নেমেছে ১৬ হাজার ৫৫ ডলারে। এলএমইতে এটিই আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন দর।

ইয়েনহি ফিউচারের বিশ্লেষকরা বলেছেন, নিকেল সবচেয়ে বেশি ব্যবহার হয় চীনের স্টেইনলেস স্টিল খাতে। কিন্তু সাম্প্রতিক সময়ে চীনে স্টেইনলেস স্টিল উৎপাদন ব্যাপক হারে কমে যাওয়ায় নিকেলের চাহিদা কমে গেছে। এ কারণে ধাতুটির বাজার নিম্নমুখী।

বিদ্যুচ্চালিত গাড়ি খাতেও ধাতুটির ব্যবহার প্রত্যাশার চেয়ে কমে এসেছে। আবার ইন্দোনেশিয়া ও চীনে ধাতুটির মজুদ বৃদ্ধিও দাম কমাতে প্রভাবকের ভূমিকা পালন করেছে।

গত শুক্রবার এসএইচএফইতে নিকেলের মজুদ ১৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ১২ হাজার ৬২৩ টনে দাঁড়িয়েছে, যা চলতি বছরের শুরুর দিকের মজুদের তুলনায় চার গুণ।

সাংহাই মেটাল মার্কেটের তথ্যানুযায়ী, জানুয়ারি-অক্টোবর সময়ে চীনের পরিশোধিত নিকেল উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২০০ টনে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি।