গাজায় ৩ জিম্মিকে হত্যার দায় স্বীকার
করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে, গাজায় অভিযান পরিচালনার সময় হুমকি
ভেবে ‘ভুলবশত’ জিম্মিদের হত্যা করা হয়। খবর বিবিসি।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজার
উত্তরাঞ্চলের শেজাইয়াতে এ ঘটনা ঘটে। নিহত জিম্মিরা হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা
(২২) ও এলোন শামিরজ (২৬)।
হত্যার দায় স্বীকার করে দুঃখপ্রকাশের
পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
এ ঘটনায় তেল আবিবে সামরিক ঘাঁটি লক্ষ্য
করে মিছিল করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। ওই সময় হামাসের হাতে থাকা বন্দিদের নিরাপদে মুক্তির
দাবি জানান তারা। বিক্ষোভকারীদের হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড দেখা যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহু ঘটনাটিকে ‘অসহনীয় ট্র্যাজেডি’ উল্লেখ করে গভীর দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, এ সন্ধ্যা আমাদের জন্য অনেক কঠিন। এখান থেকে শিক্ষা নিতে হবে এবং জিম্মিদের মুক্তি
করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
ইসরায়েলের দাবি অনুযায়ী, ৭ অক্টোবরের
হামলায় ২৪০ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে হামাস। যাদের একটি অংশ সাময়িক যুদ্ধবিরতির সময় ছাড়া
পান। তবে এখনো শতাধিক জিম্মি হামাসের হাতে রয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এছাড়া হামাসের
হামলায় নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত
হয়েছেন ১৯ হাজারের এর মতো ফিলিস্তিনি। আহত হয়েছেন অর্ধ লাখের বেশি।










