এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ আকারে বণ্টন করা হবে। ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল এ অনুমোদন দেয়া হয়। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ।
সভায় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান তার বক্তব্যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের শক্তিশালী আর্থিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালে একক ভিত্তিতে ব্যাংকটির গ্রাহক আমানতে ২৯ এবং ঋণে ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি তিনি ২০২৬ সালে ব্র্যাক ব্যাংক আরো বেশি সাফল্য অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান।
এজিএমে জানানো হয়, ২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকায়। এ সময় ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালন) নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকায়, যা আগের বছরের ১ হাজার ২১৪ কোটি টাকা থেকে ৩০ শতাংশ বেশি।
অন্যদিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৯ দশমিক ১২ টাকা, যা ২০২৪ সালে ছিল ৬ দশমিক ১৮ টাকা। সমন্বিত শেয়ারপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) বেড়ে হয়েছে ৫১ দশমিক ৫৬ টাকা, যা আগের বছর ছিল ৩৯ দশমিক ৩৮ টাকা। সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭২ টাকায়, যা ২০২৪ সালে ছিল ৫৪ দশমিক ১৪ টাকা।









