চলতি বছরের শেষ নাগাদ তুরস্কের ইস্পাত উৎপাদন চার কোটি টন ছাড়িয়ে যেতে পারে। দেশটির শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মুস্তাফা ভারনাক এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত মেটাল এক্সপোতে তিনি বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে আমাদের ইস্পাত শিল্পে ২০ শতাংশ প্রসার ঘটেছে। মূল্যমানের দিক থেকে এ খাতের রফতানি বেড়েছে ৫০ শতাংশ। প্রবৃদ্ধির এমন ধারা বিবেচনায় নিয়ে আমরা আশা করছি চলতি বছর শেষে ইস্পাত উৎপাদন চার কোটি টনের গণ্ডি ছাড়াবে।
তিনি আরো বলেন, বৈশ্বিক ইস্পাত উৎপাদনে বিশ্বের শীর্ষ সপ্তম স্থানে রয়েছে তুরস্ক। পাশাপাশি ইউরোপের নেতৃস্থানীয় দেশটি। এখন আমাদের প্রধান বিবেচনার বিষয় এ সাফল্য ধরে রাখা। ইস্পাত খাতে বিনিয়োগ বাড়ছে। নতুন নতুন বিনিয়োগের কারণে করোনা মহামারীতেও রফতানি বাধাগ্রস্ত হয়নি। ইস্পাত রফতানি সাফল্যের ধারা বজায় রাখার আহ্বানও জানান তিনি।
ভারনাক বলেন, গত বছর করোনা মহামারীর কারণে বৈশ্বিক উৎপাদন ও বাণিজ্য খাত ব্যাপক সংকোচনের সম্মুখীন হয়। এর মধ্যেও যেসব দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি এসেছে, তুরস্ক তার মধ্যে অন্যতম। এ সময় বৈশ্বিক ইস্পাত উৎপাদন ১ শতাংশ কমলেও বিকল্প বাজার তৈরির মাধ্যমে তুরস্কের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পায়।










