নিম্নআয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৩৬৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি লিটার ১৮৪ টাকা ১০ পয়সা দরে এ পাম অলিন কেনা হবে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী এক কোটি নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার উদ্যোগ নেয়া হয়। এজন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। এরমধ্যে দুটি দরপ্রস্তাব কারিগরি মূল্যায়ন কমিটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে।
দরপ্রস্তাব যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা থেকে পাম অলিন কেনার সুপারিশ করা হয়। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার ১৮৪ টাকা ১০ পয়সা দরে মোট দুই কোটি লিটার পাম অলিন কিনতে ব্যয় হবে ৩৬৮ কোটি ২০ লাখ টাকা।










