২০২৩ সালের প্রথম প্রান্তিকে মার্কিন নাগরিকদের খানা সম্পদ বেড়ে ১৪৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসে মার্কিনিদের নিট খানা সম্পদ বেড়েছে ৩ ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  খবর সিএনএন বিজনেস।

ফেডের প্রতিবেদনে বলা হয়, মার্কিন খানাগুলোর নিয়ন্ত্রণে থাকা শেয়ারের মূল্য বেড়েছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। কিছুটা উঠানামা থাকলেও প্রথম প্রান্তিকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ছিল ৭ শতাংশের আশপাশে। প্রযুক্তি কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত স্টক মার্কেট সূচক নাসডাক এক লাফে বেড়েছে ১৭ শতাংশ, যা ২০২০ সালের শেষ প্রান্তিকের পর সবচেয়ে বেশি বৃদ্ধি বলে চিহ্নিত। যদিও নিম্নমুখী আবাসন বাজার পরিস্থিতি। প্রথম প্রান্তিকে উচ্চ সুদহারে রিয়েল এস্টেট হোল্ডিংয়ের মূল্য কমেছে দশমিক ৬ ট্রিলিয়ন ডলার।গত বছরের তৃতীয় প্রান্তিক থেকেই বাড়ছে আমেরিকানদের নিট সম্পদ। নিট সম্পদ বলতে একজন ব্যক্তি বা পরিবারের সম্পদ (যেমন বিনিয়োগ, সম্পত্তি ও সঞ্চয়) এবং তাদের দায়ের (যেমন ঋণ ও বন্ধক) পার্থক্য বোঝায়। তবে চলতি বছর আমেরিকানদের নিট সম্পদ বাড়লেও তা আগের অবস্থায় পৌঁছেনি। অর্থাৎ এখনো ২০২২ সালের শীর্ষ ১৫৩ ট্রিলিয়ন ডলারের উচ্চবিন্দু ছোঁয়নি।

এ সম্পর্কে বীমা ও আর্থিক পরিষেবা সংস্থা নেশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ ক্যাথি বোস্টজানসিক বলেন, ‘আমরা শীর্ষ বিন্দুতে আরোহণের পথে। ইকুইটি বাজার যদি আগের মতোই বাড়তে থাকে (স্টক মার্কেটের শেয়ার ও শেয়ারের সামগ্রিক মূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধিকে বোঝায়), তাহলে শীর্ষ অবস্থায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না।’

চলতি বছরের প্রথম প্রান্তিকেই মার্কিন খানায় ঋণ ক্ষুধা কমতে শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পারিবারিক ঋণ ২ দশমিক ২ শতাংশ হারে প্রসারিত হয়েছে, যা আগের বছরের ৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির তুলনায় কম। ক্যাথি বোস্টজানসিক বলেন, ‘‌২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ১ ট্রিলিয়ন ডলারের তুলনায় ঋণগ্রহীতারা চলতি বছরের প্রথম তিন মাসে ৩০ কোটি ৬০ লাখ ডলার বন্ধকি ঋণ নেয়, যা মূলত কয়েক দফায় ফেডের সুদহার বৃদ্ধির দ্বারা প্ররোচিত হয়েছে।’