সৌদি আরবে চায়ের বাজার সম্প্রসারণ করতে চায় কেনিয়া। দেশটিতে অল্প সময়ের মধ্যেই চা ও কফি রফতানি দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কেনিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেএনসিসিআই) ও ফেডারেশন কাউন্সিল অব সৌদি চেম্বারসের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

কেএনসিসিআইর প্রেসিডেন্ট রিচার্ড নিগাটিয়া বলেন, এ চুক্তিতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্ভাবনার বিষয়গুলো উঠে এসেছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য বজায় রাখাও সম্ভব হবে।

চুক্তির আওতায় শুধু চা-কফিই নয়, বরং ফুল, মসলা, গাছ, ফল, বাদামসহ কয়েকটি পণ্য রফতানি করা হবে।