চাহিদা সংকটের জেরে কমছে চীনের গাড়ি বিক্রি। চলতি বছরের জুনে গত বছরের তুলনায় বিক্রি কমেছে ৫ দশমিক ৯ শতাংশ। মহামারীর অভিঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি প্রভাবিত করেছে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারকে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, চলতি বছরের জুনে প্রায় ১৮ লাখ ৩০ হাজার খুচরা গাড়ি সরবরাহের বিপরীতে গত বছরের একই সময়ে বাজারে এসেছিল ১৯ লাখ ৪০ হাজার গাড়ি। আগের বছরের সাপেক্ষে কমে গেলেও চীনে সামগ্রিক বছরের হিসেবে গাড়ি বিক্রি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি।
২০২২ সালের মে মাসে সাংহাইতে লকডাউন শেষ হওয়ার পর গাড়ির চাহিদা হঠাৎ বেড়ে যায়। ফলে সে সময়ের সঙ্গে তুলনা করায় চাহিদাসূচক আরো ঋণাত্মক হিসেবে দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামগ্রিকভাবে, ২০২২ সালের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে গাড়ি সরবরাহ ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে কিছু মডেলের দাম ৪০ শতাংশ পর্যন্ত কমায় সংশ্লিষ্ট মূল্য তারতম্যের সঙ্গে তুলনা করলে এ বৃদ্ধি সামান্য।
বেইজিং গাড়ি বিক্রি বাড়ানোর জন্য ছয় মাসের প্রচারণা শুরু করেছে।










