বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মূল্যছাড়ের জন্য পরিচিত মার্কিন ডিসকাউন্ট সুপার শপ চেইন ফ্যামিলি ডলার। সম্প্রতি এক হাজার স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত পরিচালনগত অব্যবস্থাপনা ও লোকসানের চাপে এ সিদ্ধান্ত এসেছে। খবর সিএনএন।
নিম্ন আয়ের মানুষকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে বেশকিছু চেইন শপ কোম্পানি পরিচালিত হয়। যার অন্যতম একটি ফ্যামিলি ডলার। অব্যবস্থাপনার জন্য কিছুদিন আগে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি শপে ইঁদুরের উপদ্রবের জন্য ৪ কোটি ডলারের বেশি জরিমানা গুনতে হয়েছে। ওই ধাক্কায় কয়েকশ আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।
ফ্যামিলি ডলারের আউটলেট বন্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবণতাকেও সামনে আনা হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মার্কিন ক্রেতাদের জীবনযাত্রা ব্যয় বেড়ে যাওয়ায় চাহিদায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুপার শপের বিক্রিতে। এ ধারাবাহিকতায় উল্লেখযোগ্য পরিমাণ ক্রেতা হারিয়েছে ফ্যামিলি ডলার। ক্রমাগত ক্রেতা হারানোয় বিশেষ মূল্যছাড় দিয়ে বাজারে টিকে থাকার চেষ্টা করে প্রতিষ্ঠানটি। কিন্তু তাতেও লাভ হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা।
ফ্যামিলি ডলারের ব্যবস্থাপনা পরিচালক রিক ড্রেইলিং সম্প্রতি বলেছেন, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও সরকারের দেয়া বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ কারণে আমরা গ্রাহক হারাচ্ছি।
অবশ্য একসঙ্গে ঘোষিত সব স্টোর বন্ধ করার পরিকল্পনা নেই। চলতি বছরে ৬০০টি স্টোর ও পরবর্তী কয়েক বছরের মধ্যে ৩৭০টি স্টোর বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে ডলার ট্রি নামের সহযোগী রিটেইল ব্র্যান্ডের ৩০টি স্টোর বন্ধ হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রজুড়ে ফ্যামিলি ডলারের প্রায় আট হাজার স্টোর রয়েছে। নতুন সিদ্ধান্তের কারণে প্রতি আটটির মাঝে একটি স্টোর বন্ধ হয়ে যাবে।
ফ্যামিলি ডলারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার হিসেবে এক হাজার স্টোর বন্ধ করা হচ্ছে। বর্তমানে মুনাফা বৃদ্ধির দিকে মনোযোগ বেশি তাদের। এক্ষেত্রে যেসব এলাকায় প্রতিযোগী বেশি সেখানকার স্টোর ছেড়ে দেয়া হচ্ছে।
ডিসকাউন্ট চেইনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান ফ্যামিলি ডলার। ১৯৫৯ সালে এ রিটেইল শপ প্রতিষ্ঠিত হয়, পরে ২০১৫ সালে কিনে নেয় ডলার ট্রি। আলাস্কা ও হাওয়াই ছাড়া যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে এ চেইনের স্টোর রয়েছে।










