চীন মে মাসে ব্রাজিল থেকে সয়াবিন আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বাড়িয়েছে। সস্তা দামের সুবিধার কারণেই আমদানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

চীন বিশ্বের শীর্ষ সয়াবিন আমদানিকারক। মে মাসে দেশটি ব্রাজিল থেকে ১ কোটি ৯ লাখ ৪০ হাজার টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৭৭ লাখ ৯০ হাজার টন। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানিয়েছে।

চলতি বছর ব্রাজিলে বিপুল পরিমাণ সয়াবিন উৎপাদন হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়েছে চীনের ক্রেতারা। আকর্ষণীয় দামের কারণে বছরের শুরুর দিকেই দেশটি থেকে আমদানি বেড়ে যায়।

২০২২ সালের তুলনায় চলতি বছরের মে মাসে সয়াবিন আমদানিতে নতুন রেকর্ড করেছে চীন। ২৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টন সয়াবিন আমদানি হয়েছে। দেশটির কাস্টমস বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। কঠোর তদারকির কারণে কার্গোগুলো দীর্ঘ সময় বন্দরে আটকে ছিল। এরপর পণ্য খালাস শুরু হওয়ায় নতুন এ রেকর্ড তৈরি হয়েছে।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ব্রাজিল চীনে ২ কোটি ১ লাখ ৫০ হাজার টন সয়াবিন সরবরাহ করেছে। গত বছরের একই সময় সরবরাহের পরিমাণ ছিল ২ কোটি ৪ লাখ ৭০ হাজার টন।

ব্রাজিলের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন আমদানি করে চীন। মে মাসে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ৯ লাখ ২৩ হাজার ৫২৯ টনে উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি।

চলতি বছরের এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে ১ কোটি ৯১ লাখ ৬০ হাজার টন সয়াবিন। গত বছরের একই সময় আমদানি হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টন।

তবে যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানি অনেকটাই কমেছে। মে মাসে দেশটি থেকে আমদানি করা হয় ৫ লাখ ৬৮ হাজার ৪৩৪ টন। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১৯ লাখ টন।

মে মাসে চীনের মোট ভুট্টা আমদানি ২০ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৬০ হাজার টনে। ওই মাসে ইউক্রেন ছিল দেশটিতে সর্বোচ্চ সরবরাহকারী। সরবরাহের পরিমাণ ছিল ৮ লাখ ৬৫ হাজার ৮৮০ টন।