পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সালমা হক ৩৪ হাজার ৫০০ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ শেয়ার তার মেয়ে সানা হককে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে দেবেন। ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে এ শেয়ার হস্তান্তর করবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৮ টাকা ৭৭পয়সা। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২০ টাকা ৬ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৫ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৭ টাকা ৫৬ পয়সা।