এতে সহযোগিতায় ছিল বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড)। অনুষ্ঠানে দেশের বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক সম্ভাবনা এবং শিল্প ও অবকাঠামোগত উন্নয়নে বিএসইজেডের ভূমিকা তুলে ধরা হয়। এইচএসবিসি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বলেন, ‘বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেন আত্মবিশ্বাসের সঙ্গে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে, সেই পরিবেশ তৈরিতে জাইকা কাজ করছে।’

অনুষ্ঠানে ‘এ মডেল ইকোনমিক জোন: শোকেসিং বিএসইজেড’ শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করেন বিএসইজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চিহারু তাগাওয়া। মূল বক্তব্যে তিনি বলেন, ‘বিএসইজেড একটি মডেল অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশের শিল্প বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিকে ত্বরান্বিত করছে। এটি ভবিষ্যতের জন্য একটি বিশ্বমানের শিল্প প্লাটফর্ম।’

এ সময় এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘বৈশ্বিক বিনিয়োগ কাঠামো দ্রুত ‘শুধু দক্ষতাকেন্দ্রিক’ ধারা থেকে ‘স্থিতিশীলতা ও টেকসই সক্ষমতাকেন্দ্রিক’ ধারায় রূপান্তরিত হচ্ছে, যা বাংলাদেশকে আন্তর্জাতিক বৈচিত্র্যকরণ কৌশলের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।’

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং পিপিএর সিইও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন এক পর্যায়ে রয়েছে যেখানে শিল্প প্রবৃদ্ধিকে আরো কাঠামোবদ্ধ হতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো এ পরিবর্তনের কেন্দ্রবিন্দু। এগুলো বিনিয়োগকারীদের জন্য জমি, অবকাঠামো এবং আরো সুস্পষ্ট পরিচালন পরিবেশ নিশ্চিত করে।’

অনুষ্ঠানে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বের আয়োজন করা হয়। এতে বিএসইজেড লিমিটেডের এমডি চিহারু তাগাওয়া অংশগ্রহণ করেন এবং তার সঙ্গে মঞ্চে ছিলেন বিডার নির্বাহী সদস্য ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি।