ভিয়েতনামের রিটেইল চেইন শপ মোবাইল ওয়ার্ল্ডকে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিডিএইচ ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটির আংশিক শেয়ারের মালিক হতে প্রায় ১৭০ কোটি ডলারের একটি চুক্তিতে পৌঁছতে যাচ্ছে সিডিএইচ কর্তৃপক্ষ। বিষয়টির সঙ্গে জড়িত দুজন ব্যক্তির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের বৃহৎ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর একটি সিডিএইচ। বিভিন্ন খাতে ব্যাপক পরিমাণ বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির। ভিয়েতনামের মোবাইল ওয়ার্ল্ডের ব্যবসায়ও এর আগে বিনিয়োগ করেছে তারা। সম্প্রতি রিটেইল খাতে নিজেদের ব্যবসা সম্প্রসারণে মোবাইল ওয়ার্ল্ডের প্রায় ১০ শতাংশ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে সিডিএইচ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ৫-১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সিডিএইচ। সূত্রটি আরো জানিয়েছে, প্রতিষ্ঠান দুটির মধ্যে শেয়ারের চুক্তি নিয়ে কথা চলছে। তবে এ চুক্তি বাস্তবায়নের কোনো নিশ্চয়তা তাদের কাছে নেই।
অন্য একটি সূত্র জানিয়েছে, আলোচনা সফল হলে মার্চের প্রথম দিকেই এ চুক্তি বাস্তবায়ন হতে পারে। দুটি সূত্রই ব্যক্তিগত কারণে তাদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।
সিডিএইচ ও মোবাইল ওয়ার্ল্ড ভিয়েতনামের বাজারে সবচেয়ে বড় রিটেইল প্রতিষ্ঠান। চুক্তির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কিছু জানায়নি বিনিয়োগ খাতের বৃহৎ দুই প্রতিষ্ঠান।
ভিয়েতনামে ভোক্তাদের ক্রমবর্ধনশীল চাহিদার কারণে সেখানে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বেইজিংভিত্তিক সিডিএইচ। যদিও দুর্নীতির দায়ে নিজের দেশে অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে চীনা প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২২ সালে নিজেদের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল ভিয়েতনামের মোবাইল ওয়ার্ল্ড। কিন্তু পরে প্রতিকূল বাজার পরিস্থিতির কারণে সিদ্ধান্ত থেকে তাদের সরে আসতে হয়। এরপর গত বছর ব্যবসা পুনরুদ্ধারে সক্ষম হয় কোম্পানিটি। আগের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, প্রতিকূল বাজার পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর ও থাইল্যান্ডের বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করেছে। সে ধারাবাহিকতায় সম্প্রতি সিডিএইচের সঙ্গেও চুক্তিতে যেতে পারে তারা।
২০০২ সালে সিডিএইচ প্রতিষ্ঠা করেন চীনের উ শাংঝি। শুরুর দিকে উৎপাদনের মতো ঐতিহ্যবাহী শিল্পগুলোয় বিনিয়োগ করত প্রতিষ্ঠানটি। বর্তমানে সে পরিধি বিস্তৃত হয়েছে। সিডিএইচের মোট সম্পদের বাজারমূল্য প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার।










