শতভাগ রফতানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি রয়্যাল ডেনিম লিমিটেড ও ড্রেজিং কোম্পানি ডায়মন্ড ড্রেজিং লিমিটেডের মালিকানা অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিমুল ইসলামকে সংশ্লিষ্ট বিধিমালা মেনে রয়্যাল ডেনিমের অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে পর্ষদ। রয়্যাল ডেনিমের প্রতি মাসে সাড়ে সাত লাখ ইয়ার্ড ডেনিম তৈরির সক্ষমতা রয়েছে। কারখানাটি কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। একইভাবে এমডি আজিমুল ইসলামকে যথাযথ বিধিমালা মেনে ডায়মন্ড ড্রেজিং অধিগ্রহণের অনুমোদন দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের পর্ষদ। এটিও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়।

এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি আজিমুল ইসলামকে কোম্পানি দুটির প্রাসঙ্গিক সব নথিপত্রসহ সম্ভাব্যতা যাচাইসংক্রান্ত প্রতিবেদন, অধিগ্রহণের আনুমানিক খরচ ও অর্থায়নের পদ্ধতি ৩০ কার্যদিবসের মধ্যে পর্ষদের কাছে জমা দিতে বলা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সায়। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২৭ পয়সায়। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ২০ পয়সায়। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২২ টাকা ২০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৬৬ পয়সা।  

২০১৭ সালে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯। এর মধ্যে ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া ২০ দশমিক ৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বাকি ৪৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।