গতকাল বাংলাদেশ ব্যাংক চত্বরে আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাংলা কিউআর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ সময় দেশের তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেমস অপারেটরের (পিএসও) প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে গভর্নরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা একটি ফটোসেশনে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহক, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে। একই সঙ্গে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরো সহজ, দ্রুত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব ব্যাংক ও অংশীজনের সহযোগিতায় ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলা কিউআরের সফল বাস্তবায়ন দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার আরো বিস্তার ঘটাবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, একক ও আন্তঃকার্যকর এ পেমেন্ট প্লাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা আরো সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন, যা নগদবিহীন অর্থনীতি গঠনের পথকে আরো সুগম করবে।









