চলতি বছর রাশিয়া থেকে দ্বিগুণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে তুরস্ক। দেশ দুটি নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যেই জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে মস্কো ও ইস্তানবুল।
গত বসন্তের পর থেকেই তুরস্ক ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অব্যাহত বাড়ছে। কারণ দেশটি রাশিয়া থেকে জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেনি। সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে সহায়তা করবে তুরস্ক।
জ্বালানি পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানায়, চলতি বছর রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে তুরস্ক। এর মধ্যে রয়েছে উরাল ক্রুড ও সার্বিয়ান লাইট গ্রেড। বছরের এখন পর্যন্ত দৈনিক দুই লাখ ব্যারেল করে আমদানি করা হয়েছে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল দৈনিক ৯৮ হাজার ব্যারেল। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক। দেশটি জানিয়েছে, রাশিয়ান জ্বালানি সরবরাহের ওপর দেশটি ভালোভাবেই নির্ভরশীল থাকবে।
চলতি বছর আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের বিপরীতে রাশিয়ান জ্বালানি তেলের দাম কমে ইতিহাসের সর্বনিম্নে নেমেছে। তবে উত্তর সাগরীয় ও ইরাকি অয়েল গ্রেডের দাম কিছুটা বেড়েছে।










