বিশ্বব্যাপী গাড়ি নির্মাতারা বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। এরই মাঝে রেনোঁ এসএর দক্ষিণ কোরীয় ইউনিট রেনোঁ কোরিয়া মোটরস বৃহস্পতিবার জানিয়েছে তাদের নিজস্ব বুসান প্লান্টে বৈদ্যুচ্চালিত গাড়ি তৈরির লক্ষ্যে দক্ষিণ কোরীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

ওয়ার্ল্ড এক্সপো ২০৩০-এর ভেনু হিসেবে বুসানের পক্ষে জনমত তৈরিতে ফ্রান্স সফররত বুসান মেয়র পার্ক হিওং-জুন মঙ্গলবার প্যারিসে রেনোঁর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট গুইডো হাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে হাকের বরাত দিয়ে রেনোঁ কোরিয়ার একজন মুখপাত্র ফোনে জানিয়েছেন, ‘বছরে দুই লাখ ইউনিট ইভি (সব ধরনের) তৈরির লক্ষ্যে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সিউলের ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের বুসান কারখানায় বিনিয়োগ করার পরিকল্পনা করছে।’

বুসান শহর কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে রেনোঁর নির্বাহীরা বলছেন, তারা দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় সরকার ও বুসান নগর কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর সহযোগিতা প্রত্যাশা করছে।

রেনোঁ কোরিয়া জানিয়েছে, বুসানের বর্তমান উৎপাদন ব্যবস্থাকে ইভি উৎপাদনের জন্য উন্নীত করার প্রয়োজন পড়তে পারে।

রেনোঁ কোরিয়া বর্তমানে দক্ষিণ-পূর্ব বন্দর শহরের প্লান্টটিতে বছরে তিন মডেলের মোট তিন লাখ ইউনিট উৎপাদন করে। মডেল তিনটি হচ্ছে এক্সএম৩ কমপ্যাক্ট এসইউভি, এসএম৬ মাঝারি আকারের সেডান ও কিউএম৬ এসইউভি।

দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন বলছে, কোরিয়াতে রেনোঁর ৫২ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে। যেখানে চীনের জিলি অটোমোবাইল হোল্ডিংস ও স্যামসাং কার্ড কোম্পানির যথাক্রমে ৩৪ দশমিক শূন্য ২ ও ১৩ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

জানুয়ারি থেকে মে পর্যন্ত রেনোঁ কোরিয়ার গাড়ি বিক্রয়ের পরিমাণ গত বছরের একই সময়ে ৬৪ হাজার ১৪৫ থেকে ১০ শতাংশ কমে ৫৭ হাজার ৫৫০ ইউনিটে দাঁড়িয়েছে।