কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বহুজাতিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকরক। চলতি সপ্তাহে দেয়া এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, বর্তমান কর্মশক্তির প্রায় ৩ শতাংশ কমিয়ে ফেলতে চায় তারা। এতে চাকরি হারাবেন প্রায় ৬০০ কর্মী। তবে কোনো একক গ্রুপকে ছাঁটাই করা হবে না বলে জানিয়েছে ব্ল্যাকরক কর্তৃপক্ষ। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী, বর্তমানে কোম্পানিটির কর্মীর সংখ্যা ১৯ হাজার ৮০০ জন। নিউইয়র্কভিত্তিক কোম্পানিটির শেয়ার মূল্য গত ১২ মাসে প্রায় ৫ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে তাদের সম্পদ ব্যবস্থাপনার পরিমাণ ছিল ৯ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। রয়টার্স