বিশ্ববাজারে নিকেলের ঘাটতি কমেছে। মহামারীর মন্দা কাটিয়ে ধাতুটির ঊর্ধ্বমুখী বৈশ্বিক উত্তোলন
বাজারে ইতিবাচক প্রভাব তৈরি করেছে। ইন্টারন্যাশনাল নিকেল স্টাডি গ্রুপের (আইএনএসজি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে নিকেলের ঘাটতির পরিমাণ ছিল ৩২ হাজার ৪০০ টন। জুলাইয়ে ঘাটতি কমে ২৪ হাজার ৭০০ টনে নেমেছে। এদিকে বছরের প্রথম সাত মাসে নিকেলের বৈশ্বিক বাজার ১ লাখ ৫৮ হাজার ৯০০ টন ঘাটতির সম্মুখীন হয়। বিপরীতে গত বছরের একই সময়ে ধাতুটির বিশ্ববাজারে উদ্বৃত্ত ছিল ৮০ হাজার ৫০০ টন।
পর্তুগালের লিসবনভিত্তিক সংস্থাটি জানায়, এপ্রিলে নিকেলের বৈশ্বিক ঘাটতির পরিমাণ ছিল ২০ হাজার ৪০০ টন। মে মাসে ঘাটতি কিছুটা বেড়ে ২১ হাজার ৩০০ টনে উন্নীত হয়। কিন্তু জুনে বড় পরিসরে বেড়ে যায়। ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৪০০ টনে। টানা তিন মাস ঘাটতি বাড়তে থাকলেও জুলাইয়ে কমে যায়।
বাজারসংশ্লিষ্টরা ঘাটতি আরো কমবে বলে প্রত্যাশা করছেন। সম্প্রতি এক প্রতিবেদনে গ্লোবাল ডাটা জানায়, চলতি বছর নিকেলের বৈশ্বিক উত্তোলন ৭ শতাংশ বেড়ে ২৮ লাখ ২৭ হাজার ৪০০ টনে পৌঁছতে পারে। এরই মধ্যে বছরের প্রথম সাত মাসে বিশ্বজুড়ে ১৫ লাখ ৬ হাজার ৩০০ টন নিকেল উত্তোলন করা হয়েছে বলে জানায় আইএনএসজি।










