মেক্সিকান উড়োজাহাজ সংস্থা ভিভা অ্যারোবাস থেকে বড় ধরনের ক্রয়াদেশ পেতে যাচ্ছে এয়ারবাস। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ক্রয়াদেশের ব্যাপারে সম্প্রতি ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, দুই পক্ষের আলোচনায় নতুন ন্যারোবডি উড়োজাহাজের ক্রয়াদেশ সংখ্যা তিন অংকে পৌঁছেছে। যার অর্থ হচ্ছে, কমপক্ষে ১০০ ইউনিট উড়োজাহাজ কিনতে যাচ্ছে ভিভা। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এয়ারবাস কর্তৃপক্ষ।
ভিভা অ্যারোবাসের একজন মুখপাত্র বলেছেন, ‘এ৩২১এনইও মডেল কেনার ব্যাপারে বর্তমানে এয়ারবাসের সঙ্গে আমাদের একটি ক্রয়াদেশ চলমান। ২০২৭ সালের মধ্যে যা সরবরাহ করার কথা।
বর্তমানে আমেরিকায় মালবাহী বৃহদাকৃতির উড়োজাহাজের (ইউএলসিসি) দিক দিয়ে নেতৃস্থানীয় ও ক্রমবর্ধমান স্তরে রয়েছে ভিভা। আমরা এখনো কারো সঙ্গে নতুন কোনো ক্রয়াদেশ চুক্তি করিনি।’
মেক্সিকান উড়োজাহাজ খাতের বাজার হিস্যার লড়াইয়ে দীর্ঘদিন ধরে রয়েছে এয়ারবাস ও বোয়িং। ২০১৩ সালে বোয়িং থেকে সরে গিয়ে এয়ারবাসের সঙ্গে চুক্তি করে ভিভা। ওই চুক্তিতে এয়ারবাসের এ৩২০ মডেলের ৪০ ইউনিট জেট কিনতে ৪০০ কোটি ডলারের ক্রয়াদেশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।
সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে প্যারিস এয়ারশো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বোয়িংয়ের সঙ্গে ভিভার পুনরায় চুক্তির সম্ভাবনা দেখা গিয়েছিল। কিন্তু এবারো লড়াইয়ে এগিয়ে রয়েছে এয়ারবাস। নতুন চুক্তিটি শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে। তবে আলোচনা চলমান থাকায় শেষ পর্যন্ত কী ঘটে তাই এখন দেখার অপেক্ষা।










