নিজেদের শস্যনিরাপত্তা নিশ্চিতে ২০২২ সালের জন্য গমের সর্বনিম্ন ক্রয়মূল্য বৃদ্ধি করেছে চীন। সরকারি সূত্রের বরাতে এমনটা জানা যায়। চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের দেয়া তথ্যমতে, আগামী বছর প্রতি টন গমের সর্বনিম্ন ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে টনপ্রতি ৩৫৭ ডলার। চলতি বছর দেশটিতে প্রতি টন গমের সর্বনিম্ন ক্রয়মূল্য চলছে ৩৫১ ডলার। খবর রয়টার্স।
২০২০-২১ বিপণন মৌসুমে মোট ১৩ কোটি ৪০ লাখ টন গম রফতানি করেছে বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশটি। গমের বাজারমূল্য সরকার কর্তৃক সর্বনিম্ন মূল্যের নিচে নেমে এলেও নির্ধারিত মূল্যে পণ্যটি ক্রয় করতে হয় ব্যবসায়ীদের। মূলত অভ্যন্তরীণ কৃষিকে উৎসাহিত করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে চীন।
চলতি বছরের প্রথম দিকে চীনের কৃষি খাত উন্নয়ন প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের মধ্যে ধান ও গমের মতো প্রধান খাদ্যশস্যগুলোর উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে চীন। ২০২০-২১ বিপণন মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ গম উৎপাদন করার পরও শস্যটির আমদানির পরিমাণ দ্বিগুণ করেছে চীন। গত বিপণন মৌসুমে চীনের মোট গম আমদানির পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ টন, যা গম আমদানিতে শীর্ষস্থানে থাকা মিসরের পর দ্বিতীয় সর্বোচ্চ আমদানির পরিমাণ। ইউএস কৃষি বিভাগের বৈদেশিক কৃষি তথ্য পরিষেবা দপ্তর জানায়, চলতি বিপণন মৌসুমে মোট ১ কোটি টন গম আমদানি করতে পারে চীন।










