ফ্রান্সে ভুট্টা উৎপাদন তিন দশকের সর্বনিম্নে নামার আশঙ্কা দেখা দিয়েছে। ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কারণে দেশটিতে শস্যটির উৎপাদনে এমন বিপর্যয় দেখা দিয়েছে। ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছর ফ্রান্সে পশুখাদ্য হিসেবে ব্যবহূত ভুট্টা উৎপাদন গত বছরের তুলনায় ২৫ শতাংশ কমতে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ১৬ লাখ টনে। ১৯৯০ সালের পর উৎপাদনে এমন নিম্নমুখিতা আর দেখা যায়নি। গত বছর থেকেই বৈরী আবহাওয়ার কারণে প্রায় সব ধরনের শস্য উৎপাদন কমেছে। শুধু তেলবীজ উৎপাদনে প্রতিকূল আবহাওয়ার প্রভাব লক্ষ করা যায়নি। কৃষি মন্ত্রণালয় বলছে, এমন কোনো অঞ্চল বাকি নেই যেখানে উৎপাদন ব্যাহত হয়নি।
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি কৃষিপণ্য উৎপাদন হয়। রফতানিতেও দেশটি শীর্ষস্থানীয়। দেশটিতে উৎপাদন কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে। এমনকি খাদ্যপণ্যের দাম আবারো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইউরোপের অন্য দুটি শীর্ষ কৃষিপণ্য উৎপাদক দেশ জার্মানি ও রোমানিয়ায়ও খরার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফ্রান্সভিত্তিক স্ট্র্যাটেজি গ্রেইনস এক প্রতিবেদনে জানায়, চলতি বছর ইউরোপে গম উৎপাদনও কমে যেতে পারে। সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ বিপণন মৌসুমে এ অঞ্চলে গম উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১২ কোটি ৪১ লাখ টনে। ২০২১-২২ মৌসুমে যা ছিল ১২ কোটি ৯৮ লাখ টন।










