পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্কয়ার টেক্সটাইলস পিএলসির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, বিকাল ৩টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এবং ৪টায় স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৮১৭ কোটি ৬৭ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪১ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১১৮ টাকা ৬৮ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য রেকর্ড পরিমাণ ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের মুনাফা হয়েছে ১১৪ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ১৯৫ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৯৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪৬ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১টায় এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।










