মালয়েশিয়ার বাণিজ্য উদ্বৃত্তি গত মে মাসে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪২ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। ২০২২ সালের একই মাসের চেয়ে যা বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ। খবর দ্য স্টার।
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত মে মাসে দেশটির বাণিজ্য ২ শতাংশ কমে ২২ হাজার ৩৮০ কোটি রিঙ্গিতে দাঁড়িয়েছে। বৈশ্বিক চাহিদায় শ্লথগতি ও পণ্যবাজারে অস্থিরতায় দেশটির বাণিজ্যে প্রভাব পড়েছে।
গত মাসে মালয়েশিয়ার রফতানি শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬০ কোটি রিঙ্গিতে। অন্যদিকে আমদানি ৩ দশমিক ৩ শতাংশ কমে ১০ হাজার ৪১৯ কোটি রিঙ্গিতে দাঁড়িয়েছে।
বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলছে, মে মাসে চীন, যুক্তরাষ্ট্র ও জাপানের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হয়েছে মালয়েশিয়ার। দেশটির শীর্ষ রফতানি পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক (ইঅ্যান্ডই) পণ্য, মেশিনারি, যন্ত্রপাতি ও যন্ত্রাংশসহ প্রক্রিয়াজাত খাবার। ২০২৩ সালের প্রথম পাঁচ মাসে মালয়েশিয়ার মোট বাণিজ্য হয়েছে ১ দশমিক শূন্য ৬৬ ট্রিলিয়ন রিঙ্গিত, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ কম। ওই সময়ে রফতানি ২ দশমিক ৩ শতাংশ কমে ৫৭ হাজার ৯৩৯ কোটি রিঙ্গিতে দাঁড়িয়েছে। অন্যদিকে আমদানি ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬৯৬ কোটি রিঙ্গিত। গত পাঁচ মাসে মালয়েশিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ৮ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৩ কোটি রিঙ্গিত।










