চলতি মাসে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল ও কনডেনসেট উত্তোলন গত মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ নিম্নমুখী। এ প্রবণতা অব্যাহত থাকলে চার মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটির মাসভিত্তিক জ্বালানি তেল উত্তোলন কমবে। রুশ জ্বালানি মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমে গিয়েছিল। তবে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে মস্কো। ফেব্রুয়ারির পর থেকে উত্তোলন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। যদিও দেশটি ওপেক প্লাস কর্তৃক বেঁধে দেয়া কোটা অনুযায়ী উত্তোলন করতে পারছে না। কোটা অনুযায়ী, দেশটিতে প্রতি মাসে দৈনিক এক লাখ ব্যারেল করে উত্তোলন বাড়াতে হবে।

মন্ত্রণালয়ের প্রাক্কলন অনুযায়ী, ১-২৩ আগস্ট পর্যন্ত রাশিয়া গড়ে দৈনিক ১ কোটি ৫ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমের কনডেনসেট উত্তোলন কমে যাওয়াকে নিম্নমুখী উত্তোলনের পেছনে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ইউরোপে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বন্ধ করে দেয়ার লক্ষ্যে কোম্পানিটি কনডেনসেট উত্তোলন কমিয়েছে।

ইউক্রেনে হামলার পর থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ায় রাশিয়ার জ্বালানি তেল রফতানি প্রায় ২২ লাখ ব্যারেল করে কমেছে। রফতানি অব্যাহত রাখতে দেশটি ভারত, চীন, তুরস্ক ও অন্যান্য দেশে জ্বালানি তেল রফতানি বাড়িয়েছে।