এমজিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, শিক্ষার্থীদের দলটি ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশন আয়োজিত ‘গেট এনগেজড: স্টুডেন্ট অ্যাকশন অ্যান্ড ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ২০২৬’ শীর্ষক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে এসেছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করে। সম্মেলনটির বৈশ্বিক আয়োজক হিসেবে রয়েছে গ্লোবাল হায়ার এডুকেশন অ্যালায়েন্স ফর দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি এবং বার্ড কলেজের সেন্টার ফর সিভিক এনগেজমেন্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শিল্প খাতে টেকসই উন্নয়ন কীভাবে বাস্তবে প্রয়োগ করা হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা দেয়ার লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়। পরিদর্শনের সময় তারা এমসিআইএলের অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ ও কর্মীবান্ধব শিল্পায়নের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

এমসিআইএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের কার্যক্রম, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই উন্নয়ন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পরে একটি নির্দেশিত ভ্রমণের মাধ্যমে উৎপাদনের বিভিন্ন ধাপ এবং কারখানা ব্যবস্থাপনায় কীভাবে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা হয়, তা তুলে ধরা হয়।

সফরকালে শিক্ষার্থীদের এমসিআইএলের টেকসই উন্নয়ন কৌশলের ছয়টি প্রধান স্তম্ভ সম্পর্কে জানানো হয়। এগুলো হলো ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনা ও ক্লোজড-লুপ হাইড্রোলজি ব্যবস্থা, নির্গমনমুক্ত কিলন পরিচালনা, উন্নত তাপ ব্যবস্থাপনা, ধুলাবালিমুক্ত কর্মপরিবেশ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

উল্লেখ্য, সম্মেলনের অংশ হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত একটি প্রদর্শনীতে এমজিআই তাদের উদ্ভাবনী ‘প্লাস্টিক ফার্মিং’ উদ্যোগ তুলে ধরে। এ প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে ভাসমান চাষের বেড তৈরি করা হয়, যার মাধ্যমে ভূমিহীন কৃষকেরা জলাশয়ে সবজি চাষ করতে পারবেন।