নির্ধারিত রেকর্ড ডেট শেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের লেনদেন চালু হচ্ছে আজ। গত বৃহস্পতিবার কোম্পানিটির লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ ছিল। তার আগে ১৯ ও ২০ ফেব্রুয়ারি কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সিঙ্গার বাংলাদেশের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ মার্চ বেলা ২টায় হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৭৩ পয়সা। গত ৩ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩ পয়সায়, যা আগের হিসাব বছরে ছিল ২৯ টাকা ৯৭ পয়সা।

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা শূন্য ৬ পয়সা। 

সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশের পর্ষদ। ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বাংলাদেশ। এ সময়ে ইপিএস হয়েছিল ৮ টাকা ৬ পয়সা। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানিটি। এছাড়া ২০১৮ হিসাব বছরে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা।