হাইব্রিড ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) খাতে ব্রাজিলে নতুন বিনিয়োগ পরিকল্পনা করেছে টয়োটা। আগামী কয়েক বছরে দক্ষিণ আমেরিকার দেশটিতে ২২০ কোটি ডলার বিনিয়োগ করবে এ জাপানি অটোমেকার। সম্প্রতি ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

অবশ্য বিনিয়োগের এ খবর প্রথম প্রকাশ করে স্থানীয় মিডিয়া। ও গ্লোবোর কলামিস্ট লরো জার্দিম গত সপ্তাহে জানান, টয়োটা ব্রাজিল ইউনিটে হাইব্রিড গাড়ি ও এসইউভি তৈরি করবে। তবে মডেলগুলো নির্দিষ্ট করে জানাতে পারেননি।

তখন এক বিবৃতিতে টয়োটাও বিষয়টি স্বীকার করে নেয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য সেখানে ছিল না।

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট ও শিল্পমন্ত্রী জেরাল্ডো অ্যালকমিন সোশ্যাল মিডিয়া পোস্টে বিনিয়োগের অংকটি সামনে আনেন। তিনি বলেন, ‘‌সাও পাওলো রাজ্যের সোরোকাবা শহরে টয়োটার কারখানায় নতুন এ বিনিয়োগ হবে।’

সঙ্গে যোগ করেন, এ ২২০ কোটি ডলার বিনিয়োগের ফলে রাজ্যে নতুন দুই হাজার কর্মসংস্থান তৈরি হবে। এখানে উৎপাদন হবে টয়োটার নতুন মডেলের গাড়ি।

অটো খাতে ব্রাজিলে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার দিক থেকে টয়েটো সর্বশেষ বৈশ্বিক অটোমেকার। এর আগে ভক্সওয়াগন, জেনারেল মোটরস ও হুন্দাই মোটরসের মতো বৈশ্বিক জায়ান্ট নিজেদের সম্প্রসারিত উৎপাদনে ব্রাজিলকে বেছে নেয়।

এদিকে নিরাপত্তাজনিত কারণে সাম্প্রতিক সময়ে কিছু জটিলতার মধ্য দিয়েছে যেতে হয়েছে টয়োটাকে। এ কারণে সরবরাহ চেইনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। টয়োটার তৈরি গাড়ির ডিজেল ইঞ্জিনের সনদে অনিয়মের কারণে জানুয়ারিতে কিছু মডেলের চালান স্থগিত ছিল।