দেউলিয়াত্বের জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্রের মাল্টি প্লাটফর্ম অডিও কনটেন্ট কোম্পানি অডাসি। টেক্সাসের দক্ষিণ জেলার মার্কিন দেউলিয়াত্ব আদালতে চ্যাপটার-১১ ধারার অধীনে আবেদন করে কোম্পানিটি। সম্প্রতি পেনসিলভানিয়াভিত্তিক কোম্পানিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেডিও সংস্থাগুলোর মধ্যে অন্যতম ইন্টারনেটভিত্তিক রেডিও কোম্পানিটি দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত। এছাড়া বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ও ব্যাপক মাত্রায় কমেছে তাদের। অডাসি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানের প্রায় ১৯০ কোটি ডলার পরিমাণ ঋণ ৩৫ কোটিতে নামিয়ে আনতে চায় তারা। এজন্য একটি পুনর্গঠন চুক্তিতে প্রবেশ করতে যাচ্ছে কোম্পানিটি।

এক বিবৃতিতে অডাসির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড ফিল্ড বলেন, ‘রূপান্তর প্রক্রিয়া আমাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে উন্নত করেছে। তার পরও চার বছরে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের ঝড় প্রথাগত বিজ্ঞাপনের বাজারে ধাক্কা দিয়েছে। ফলে ক্রমবর্ধমান রেডিও বিজ্ঞাপন ব্যয়ে কয়েকশ কোটি ডলারের হ্রাস ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘‌আমরা বিশ্বাস করি নেতৃত্বের অবস্থানের সঙ্গে আমাদের স্বতন্ত্রভাবে আলাদা করা প্রিমিয়াম অডিও সামগ্রী এবং একটি শক্তিশালী মূলধন কাঠামোয় পরিবর্তন আসবে। একই সঙ্গে গতিশীল অডিও ব্যবসায় অডাসির উদ্ভাবন এবং বৃদ্ধি অব্যাহত রাখার মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছবে।’

২০২৩ সালের নভেম্বরে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে বাদ পড়ে অডাসি। তবে কোম্পানিটির দাবি, স্টক মার্কেট থেকে বাদ পড়ার বিষয়টি তাদের পুনর্গঠনের পাশাপাশি বিজ্ঞাপনদাতা, অংশীদার ও কর্মচারীদের ওপর প্রভাব ফেলবে না।

কোম্পানিটির ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের আয়সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ডেভিড ফিল্ড জানান, ঋণদাতাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অডাসি ‘‌গঠনমূলক আলাপের’ মধ্যে ছিল।

গত মে মাসে এসইসি ফাইলিংয়ে পূর্বাভাসকৃত আয় ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ‘‌বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা’র দিকে ইঙ্গিত করেছে অডাসি কর্তৃপক্ষ। এক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি ও বিজ্ঞাপনদাতাদের জন্য অধিক প্রতিযোগিতাকে দায়ী করেছে তারা।

অডাসি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, পরবর্তী বছরে তাদের আয়ের পূর্বাভাস ঋণের বাধ্যবাধকতা পূরণে যথেষ্ট হবে না।

২০২৩ সালের অক্টোবর সুদ পরিশোধের জন্য কোম্পানিটির একটি গ্রেস পিরিয়ড ছিল। সে সময়ে অডাসি বলেছিল, এ বর্ধিত সময় তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে ঋণদাতাদের সঙ্গে একটি পরিকল্পনা প্রণয়নে ব্যবহার করতে চায়।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত অডাসি যুক্তরাষ্ট্রের শতশত রেডিওর বাজারে তাদের কার্যক্রম পরিচালনা করে।