সরবরাহ সংকটের উদ্বেগ সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে একদিনের ব্যবধানে কমেছে তামার দাম। ব্যবহারিক ধাতুটির শীর্ষ ব্যবহারকারী ও আমদানিকারক দেশ চীনে হাতাশাজনক মূল্যস্ফীতির তথ্য দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরো ব্যাহত করবে। এতে নেতিবাচক প্রভাব পড়বে তামার চাহিদায়। মূলত এমন উদ্বেগের কারণেই তামার দাম কমে গেছে। খবর বিজনেস রেকর্ডার। 

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৩২৬ ডলারে। এর আগে প্রান্তিকভাবে বেড়েছিল ধাতুটির সাপ্তাহিক দাম। 

চীনে গত জুনে সাড়ে সাত বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে কমেছে মিল গেট দাম। অন্যদিকে আড়াই বছরের সর্বনিম্নে নেমেছে ভোক্তা মূল্যস্ফীতির হার, যা দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। 

তামা সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ, অবকাঠামো নির্মাণ ও পরিবহন খাতে। তথ্য পরিষেবা প্রতিষ্ঠান মাইস্টিল জানায়, ব্যবহারিক ধাতুটির নিম্নমুখী চাহিদার কারণে চলতি সপ্তাহে স্পট মার্কেটে মূল্যছাড় দিয়েছেন বিক্রেতারা। 

সম্প্রতি কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে, দেশটিতে বেকারত্বের হার কমেছে। কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির হার কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন, যা মূলত বিশ্ব অর্থনীতিতে শ্লথগতিরই ইঙ্গিত দিচ্ছে। এ বিষয়ও তামার চাহিদা কমে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। 

বিশ্বজুড়ে তামা সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাজারে ধাতুটির মজুদও কম। এমন পরিস্থিতির মধ্যেও চাহিদা কমেছে। বিশ্লেষকরা জানান, সরবরাহ ও মজুদ স্বাভাবিক থাকলে দাম ও চাহিদা আরো কমার আশঙ্কা ছিল। 

চিলি বিশ্বের শীর্ষ তামা উত্তোলক। মে মাসে দেশটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কমে যায়। এএনজেড রিসার্চ এক নোটে জানায়, নিম্নমুখী উত্তোলনের কারণে টান পড়েছে মজুদেও। জুনে চীনের গুদামগুলোয় তামার মজুদ কমে সাত মাসের সর্বনিম্নে নেমেছে। 

সাংহাই মেটাল মার্কেটের প্রাক্কলন অনুযায়ী, জুনে চীন ৯ লাখ ১৭ হাজার ৯০০ টন পরিশোধিত তামা উৎপাদন করেছে। কিছু কিছু বিগলন প্রতিষ্ঠান লম্বা সময় ধরে রক্ষণাবেক্ষণের জন্য কার্যক্রম বন্ধ রাখায় প্রত্যাশিত উৎপাদন আসেনি। 

অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরো গতিশীল করতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন। বিশ্লেষকদের প্রত্যাশা, এসব উদ্যোগের ফলে আগামী দিনগুলোয় তামার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

সাংহাই মেটাল এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে তামার দামে কিছুটা পরিবর্তন এসেছে। গতকাল প্রতি টন লেনদেন হয়েছে ৬৭ হাজার ৭৫০ ইউয়ান বা ৯ হাজার ৩৬৪ ডলার ৫৯ সেন্টে।