চলতি বিপণন মৌসুমে নিজেদের ভুট্টা আমদানির পরিমাণ হ্রাস করবে চীন। দেশটির প্রাণী খাদ্য খাতে বিকল্প হিসেবে সস্তা শস্যের সন্ধান ও প্রবৃদ্ধির মাত্রায় ধীরগতির কারণে আমদানি হ্রাসের এমন চিত্র দেখা যেতে পারে। ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি পরিষেবা বিভাগের বৈশ্বিক কৃষিতথ্য নেটওয়ার্কের এক প্রতিবেদন অনুসারে এমনটা জানা যায়। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

২০২০-২১ বিপণন মৌসুমে চীনে ভুট্টা আমদানির পরিমাণ ছিল তিন কোটি টন। ২০২১-২২ বিপণন মৌসুমে দেশটির ভুট্টা আমদানির পরিমাণ হ্রাস পেয়ে দাঁড়াতে পারে দুই কোটি টনে, যা ইউএসডিএর পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় ৬০ লাখ টন কম।

উৎপাদনের দিকে তাকালে ২০২১-২২ মৌসুমে চীনের ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ২৭ কোটি ২০ লাখ টন, যা পূর্ববর্তী পূর্বাভাস থেকে ১০ লাখ টন কম। উত্তর চীনের সমতল অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভুট্টা উৎপাদনে এ হ্রাসের পরিমাণ দেখা যাবে, যা উত্তর-পূর্ব চীনের ভুট্টার ভালো ফলনের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে না বলে জানায় ইউএসডিএ।

ইউএসডিএ জানায়, যদি ভুট্টা ও গমের দামে ব্যবধান আরো কমে আসে তবে দেশটিতে ভুট্টার ব্যবহার বাড়তে পারে। চলতি মাসের শুরুতে প্রতি টন গমের দাম ভুট্টার চেয়ে ৩০ ডলার কম ছিল।