জ্বালানি তেল কোম্পানি এনিওস ও ট্রেডিং হাউজ সুমিতোমো করপোরেশন মালয়েশিয়ায় হাইড্রোজেন উৎপাদনের পরিকল্পনা করেছে। সম্প্রতি ঘোষিত পরিকল্পনায় এ তথ্য জানা যায়। পরিকল্পনাটি দেশটির প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বৈচিত্র্যময় করার পাশাপাশি ডিকার্বনাইজেশনেও অবদান রাখবে। খবর নিক্কেই এশিয়া।

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য কর্তৃক প্রতিষ্ঠিত সারাওয়াক ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের সহায়ক সংস্থা এসইডিসি এনার্জির সঙ্গে জাপানি দুই কোম্পানি এ-বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে। তারা মালয়েশিয়ার অংশীদারের সঙ্গে একটি বিশেষ উদ্দেশ্যে কোম্পানি প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করছে।

কার্বন ডাই-অক্সাইড নির্গত না করে পরিবেশবান্ধব জ্বালানি হাইড্রোজেন উৎপাদন করতে জলবিদ্যুৎ কেন্দ্রের শক্তিকে ব্যবহার করা হবে। দেশটিতে ২০৩০ সালের মধ্যে বছরে ৯০ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মালয়েশিয়ায় এসইডিসি এনার্জি হাইড্রোজেন ও বিদ্যুৎ উৎপাদন খাতে নেতৃত্ব দেবে। যেখানে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে জাপানি কোম্পানি এনিওস। এনিওস সমুদ্রপথে হাইড্রোজেন পরিবহনে প্রযুক্তি দিয়েও অবদান রাখবে। 

প্রকল্পটির বাস্তবায়ন যোগ্যতা নিরীক্ষা ও অর্থায়ন মূল্যায়ন করবে সুমিতোমো কোম্পানি।

মূলত হাইড্রোজেন পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে গণ্য করা হয়। কারণ এটি পোড়ানোর সময় কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয় না। বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের মতো ক্ষেত্রগুলোয় ডিকার্বনাইজেশন একটা চ্যালেঞ্জ। কিন্তু জাপানে এ জ্বালানি উৎপাদন করা বেশ ব্যয়বহুল।

জাপান সরকার ২০৩০ সালের মধ্যে হাইড্রোজেনের সরবরাহ প্রতি বছর ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এনিওস ও সুমিতোমো বিশ্বজুড়ে পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন ও পরিবহনে কাজ করে যাচ্ছে।